দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ মোকাবেলার চেয়ে দুর্যোগের আগাম প্রস্তুতি বেশি জরুরি

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ২০১৫ সালের পর থেকে দুর্যোগ মোকাবেলার চেয়ে দুর্যোগের আগাম প্রস্তুতি বেশি জরুরি। প্রত্যেক মানুষ যেন দুর্যোগের পূর্ব সতর্কতা পায়, সে জন্য চেষ্টা করে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘থার্ড ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্ম অন অ্যানটিসিপেটরি অ্যাকশন ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঐক্যবদ্ধ জাতীয় স্বেচ্ছাসেবক তৈরি করা হবে, যার মাধ্যমে ক্ষতিগ্রস্তরা সাহায্য পাবে। দুর্যোগের পূর্ব সতর্কতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় খুব দরকারি। এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দুর্যোগপ্রবণ মানুষদের জন্য কাজ করা সম্ভব হবে।

তিনি মন্তব্য করেন, ২০১৫ সালের পর থেকে দুর্যোগ মোকাবেলার চেয়ে দুর্যোগের আগাম প্রস্তুতি বেশি জরুরি।

উপদেষ্টা আরও বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের দুর্যোগ জরুরি সাড়াদান এবং পূর্বসতর্কতা খাতে অর্থ বরাদ্দ রাখা দরকার। ব্যবসায়িক সমিতিগুলোকে ব্যবসা অব্যাহত রাখার পরিকল্পনা করতে হবে, যেন দুর্যোগ-পরবর্তী ধকল কাটিয়ে উঠতে পারে।

এ সময় উপদেষ্টা বেসরকারি খাত, সুশীল সমাজ ও এনজিওগুলোকে সরকারের সাথে থেকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি বলেন, উন্নত পূর্বাভাস ও সতর্কবার্তার ভিত্তিতে সম্ভাব্য দুর্যোগের আগেই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি কমানোই পূর্বাভাসভিত্তিক সাড়াদান কার্যক্রমের মূল লক্ষ্য।