ছেলের বন্ধুরাও আমাকে ‘আন্টি’ নয়, ‘দিদি’ ডাকে: শ্রাবন্তী

দীর্ঘ এক দশক পর নতুন সিনেমা দেবী চৌধুরাণী নিয়ে পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এ ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিনয়জীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ছেলের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন।

অভিনেত্রীর ভাষ্যে, ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক মা-ছেলের চেয়ে বন্ধুর মতো। মাত্র ১৬ বছরের পার্থক্যের কারণে ছেলের বন্ধুরাও তাঁকে ‘আন্টি’ নয়, বরং ‘দিদি’ বলেই সম্বোধন করে। তিনি বলেন, আমরা মা-ছেলের চেয়ে বেশি বন্ধু। নতুন কোনো চিত্রনাট্য হাতে এলেই প্রথমে আমি ছেলেকেই শোনাই। এমনকি ‘দেবী চৌধুরাণী’র গল্পও ও-ই প্রথম শুনেছিল। ছেলের বন্ধুরাও আমার বন্ধু, দু-একজন ছাড়া আর কেউ আমাকে আন্টি বলে না, সবার কাছে আমি দিদি।

শ্রাবন্তী জানান, জীবনের নানা সময়ে কটাক্ষ ও ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হতে হলেও তিনি এখন এসবকে পাত্তা দেন না। তাঁর মতে, জীবনের প্রতিটি পরিস্থিতি মানুষকে নতুনভাবে লড়াই শেখায়। অল্প বয়সে মা হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৬ বছর বয়সে মা হওয়া খুবই তাড়াহুড়া ছিল। তবে এর সুবিধাও আছে। সন্তানের পাঁচ বছর পর আবার মাত্র ২১ বছর বয়সেই অভিনয়ে ফিরতে পেরেছি।

নতুন প্রজন্মের প্রসঙ্গেও মন্তব্য করেন অভিনেত্রী। তিনি বলেন, ছেলে এবং তার বন্ধুদের সঙ্গে মিশে বুঝেছেন, তরুণ প্রজন্ম লিঙ্গসমতা নিয়ে অনেক সচেতন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বাড়াবাড়িকে তিনি আশঙ্কাজনক বলেই মনে করেন। নতুনদের উদ্দেশে শ্রাবন্তীর পরামর্শ, প্রথম কাজ সফল না হলেও পরের কাজ আরও ভালো করার দিকে মনোযোগী হতে হবে।

শ্রাবন্তীর মতে, প্রত্যেক নারীর মধ্যেই কিছুটা ‘দেবী চৌধুরাণী’ আছে, আর জীবনের কঠিন পরিস্থিতিই সেই রূপটিকে প্রকাশ করে। এক দশক পর পূজায় তাঁর নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যা ভক্তদের কাছে কেবলই একটি ছবির প্রত্যাবর্তন নয়, বরং তাঁর ব্যক্তিগত লড়াই ও শিল্পীজীবনের প্রতিফলন।