ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

‘ফ্যাসিস্ট শাসনের আর যেন কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে ঘিরে যেভাবে বিশ্বজুড়ে উচ্চারিত হয়েছিল ‘নেভার এগেইন’, সেই প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষও বিচার প্রক্রিয়ার মাধ্যমে এমন নিশ্চয়তা চায়—ফ্যাসিস্ট শাসনের আর যেন কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আছাদুজ্জামান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।

সাক্ষ্যের এক পর্যায়ে মাহমুদুর রহমান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক, যাতে শহিদ পরিবারের দুঃখ-বেদনা এবং আহত জুলাই যোদ্ধাদের শোক কিছুটা হলেও লাঘব হয়।

এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের সাক্ষ্যে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ‘ফ্যাসিস্ট রূপ’ ধারণ করে বিচারব্যবস্থাকে ব্যবহার করেছেন ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে। মঙ্গলবার দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন। এরপর ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় শিক্ষার্থী আমির হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানি পিছিয়েছে। এ মামলার গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করে আদালত বৃহস্পতিবার নতুন তারিখ ধার্য করেছে।

মামলায় আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে। তারা সবাই তখনকার পুলিশ কর্মকর্তা ছিলেন। অপর আসামিরা হলেন—ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এবং উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া।