নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ফরিদপুরের সীমানার বিষয়ে আদালতে নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, ফরিদপুরের জেলা প্রশাসকের চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এই সীমানার বিষয়ে হাইকোর্টে রিট হয়েছে। আদালত থেকে নিষ্পত্তির জন্য অপেক্ষা করা উচিত।
ফরিদপুর-২ ও ৪ আসনের দুইটি ইউনিয়ন নিয়ে যে অসন্তোষ সেটি অনাকাঙ্ক্ষিত। অসন্তোষ থাকতেই পারে, এর প্রকাশটা সবার জন্য ক্ষতিকর হবে এমনটি কাম্য নয়। আমরা এ দেশেরই সন্তান। ক্ষোভ থাকলে তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এই জেলার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলন হচ্ছে তা অস্বীকারের উপায় নেই, সে কথাও বলেন আখতার আহমেদ।
প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এরপর থেকেই ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা।