জামিন মেলেনি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলা ও বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার দুইটি পৃথক আদালতে তার পক্ষে জামিন শুনানি হয়। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৮ বিচারক জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একই দিনে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতি ও জাল রায় তৈরির মামলায় তার জামিন আবেদনও নামঞ্জুর করেন। খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে আব্দুল কাইয়ুম আহাদের ওপর হত্যার উদ্দেশ্যে গুলি, ধারালো অস্ত্র, টিআর সেল ও সাউন্ড বোমা দিয়ে হামলা চালানো হয়। এতে আহাদের বুকে ও মুখে গুলি লাগে এবং তিনি কাজলা পুলিশ বক্সের সামনে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেন তার দুই পায়ে ব্রাশ ফায়ার করেন। আহাদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় গত ৬ জুলাই নিহতের বাবা মো. আলা উদ্দিন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এই মামলায় খায়রুল হককে ৪৪ নম্বর আসামি করা হয়েছে।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীনের দায়ের করা আরেকটি মামলায় বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতি, বিদ্বেষপূর্ণ ও বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগ আনা হয়েছে খায়রুল হকের বিরুদ্ধে।

গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির তার বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে হত্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়।