ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। 

মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মুনির সাতৌরী। তার সঙ্গে ছিলেন লুক্সেমবার্গের ইপিপি গ্রুপের ইসাবেলা ভিয়েডার-লিমা, পোল্যান্ডের ইসিআর গ্রুপের আরকাদিুস মুলারচিক, এস্তোনিয়ার রিনিউ ইউরোপের উর্মাস পায়েট ও নেদারল্যান্ডসের দ্য গ্রিন্সের কাতারিনা ভিয়েড়া প্রমুখ।

বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগামী ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কি না এবং তা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়—এসব নিয়েই মূলত কথা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময়ে পর দেশে পরিবর্তনের একটি বিশেষ সুযোগ এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল এ সুযোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কার ও রাজনৈতিক পরিবর্তনের জন্য সচেষ্ট। বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল—সংস্কার, বিচার ও অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার—তা বাস্তবায়নের দাবিও বৈঠকে উঠে এসেছে।