বসতভিটায় সন্ত্রাসী হামলা, আতঙ্কে ঘরছাড়া শিক্ষিকার পরিবার

চট্টগ্রামের ওয়ারলেস খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটিতে চার দশক ধরে বসবাসকারী এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার পরিবার হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৈধ কাগজ, বিদ্যুৎ সংযোগ ও স্থায়ী ঘর থাকা সত্ত্বেও ১১ সেপ্টেম্বর রাতে তাদের মালিকানাধীন জমিতে আলমগীর আলমের নেতৃত্বে দেড় শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায়। এতে নারী-শিশুসহ বাসিন্দারা প্রাণভয়ে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে চার দফা উত্থাপন করেন ক্ষতিগ্রস্ত আফসানা চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৬৬ সালে তার বাবা ও আত্মীয়রা মূল মালিকের কাছ থেকে এই টিলা জমি ক্রয় করেন এবং তখন থেকেই সেখানে পরিবারসহ তাদের বসবাস। সম্প্রতি ভূমিদস্যুরা জমিটির ওপর নজর দেয়। তার ভাষায়, গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে দেড় শতাধিক সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা ঘরবাড়ি ভাঙচুর করে, কেয়ারটেকার ও ভাড়াটিয়াদের পিটিয়ে বের করে দেয়, নারী-শিশুরা চিৎকার করে পালিয়ে যায়।

আতঙ্কে এলাকা ছেড়ে আত্মীয়দের বাসায় আশ্রয় নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আলমগীর আলম দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করছেন। এবার তিনি সরাসরি হামলা চালিয়েছেন। ঘটনার পর ১৩ সেপ্টেম্বর খুলশী থানায় আলমগীর আলমকে প্রধান আসামি করে মামলা হলেও (নম্বর ০৮) এখনো কোনো হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। তবে এ ঘটনায় দুর্বত্তদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আফসানা চৌধুরী বলেন, আমরা সাধারণ মানুষ। আমাদের রাজনৈতিক ক্ষমতা বা পেশিশক্তি নেই। তাহলে কি আমরা আইনের সুরক্ষা পাব না? আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। প্রশাসনের কাছে আবেদন, আমাদের জমি ও ঘরে ফিরে শান্তিতে থাকার সুযোগ দিন।

তিনি জানান, বর্তমানে তাদের বাড়ি ফাঁকা, নিরাপত্তার অভাবে কেউ ফিরতে পারছেন না। নারী ও শিশুরা এখনও আতঙ্কে। এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে আফসানা চৌধুরী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, জমির বৈধ মালিকানা রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন হামলা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আফসানা চৌধুরী, হুমায়ুন কবির, মিজানুর রহমান, সারজিলা সোয়ের ও তাসনিয়া নূর।