পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য ৪৯টি কম্পিউটার এবং ৪৯টি প্রিন্টার প্রদান করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। তিনি চীনের সাথে বাংলাদেশ পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আইজিপির সহযোগিতা কামনা করেন। আইজিপি এক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এ সময় চীন দূতাবাস এবং বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।