একসঙ্গে দীপা-মম

নন্দিত অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে এবার অভিনয় করলেন এই সময়ের ব্যস্ত ও দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী মাইমুনা মম। সান্ত¡না আক্তারের গল্প ভাবনায় ‘মাতৃত্বের স্বাদ’ নামক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মশিউর রহমান। কয়েক দিন আগে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নাটকটিতে দীপা খন্দকার অভিনয় করেছেন জয়রাজের স্ত্রীর চরিত্রে। যার তিনটি সন্তান রয়েছে। ছোট সন্তানকে কোলে নিয়েই দীপার ভিক্ষা করে জীবন চলে। অন্যদিকে মায়মুনা মমর দশ বছরের দাম্পত্য জীবনে তার কোনো সন্তান নেই। একদিন পথে দীপা খন্দকারকে ভিক্ষা দিতে গিয়ে দীপার কোলে ফুটফুটে সুন্দর বাচ্চা দেখে ভীষণ ভালো লেগে যায় মমর। বাসায় গিয়ে ভাবতে থাকে এই বাচ্চাকে দত্তক হিসেবে নিতে পারলে হয়তো কিছুটা হলেও সে মাতৃত্বের স্বাদ পাবে।

ভাবতে ভাবতে আরেক দিন স্বামীকে সব খুলে বলার পর দীপাকে আবার খুঁজতে বের হয়। দেখাও পেয়ে যায় দীপার। মম তার মনের আকুতি দীপাকে জানায়। কিন্তু দীপা শুরুতেই বাচ্চা দিতে রাজি হয়নি। তবে যেহেতু দীপার স্বামী মাদকাসক্ত এবং তাকে অনেক অত্যাচার করে। এ কারণে এক সময় দীপা সিদ্ধান্ত নেয় ছোট বাচ্চাটাকে দত্তক দিয়ে দেবে। একদিন মম এসে ছোট বাচ্চাটাকে নিয়েও যায়। কিন্তু জয়রাজ দীপাকে সন্দেহ করে যে ছোট বাচ্চাকে হয়তো কম টাকায় কারও কাছে বিক্রি করে দিয়েছে। সেই ছোট বাচ্চাকে জয়রাজ মমর কাছ থেকে নিয়ে আসতে যায়। তখন ঘটনাক্রমে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীপা দুই সন্তান নিয়ে চলে আসে। মমর কাছে থেকে যায় তার ছোট বাচ্চাটি। আর এভাবেই একজন নিঃসন্তান মা মাতৃত্বের স্বাদ পায়।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘একজন সংগ্রামী নারীর চরিত্রে, মায়ের চরিত্রে অভিনয় করেছি আমি এ নাটকে। এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে এর আগেও আমি বহুবার করেছি। আমার কাছে মনে হয় এ ধরনের চরিত্রে কাজ করাটা আমার জন্য অনেক আনন্দের, ভালো লাগার। কারণ নিজেকে অভিনয়ে নিখুঁতভাবে উপস্থাপন করা যায়। মাতৃত্বের স্বাদ নাটকটির গল্পটা ব্যতিক্রম। মাইমুনা মম এর আগেও আমার সঙ্গে অভিনয় করেছে। যথারীতি ও ভালো করার চেষ্টা করে।’

মাইমুনা মম বলেন, ‘গল্পটাই ব্যতিক্রম। যে কারণে কাজটা কষ্ট হলেও আমরা মন দিয়ে করার চেষ্টা করেছি। এর আগে দীপা আপুর সঙ্গে আমি বাকরখানি নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। তিনি সিনিয়র একজন সহশিল্পী হিসেবে ভীষণ অমায়িক এবং বন্ধুবৎসল। তারসঙ্গে কাজ করাটা ভীষণ স্বাচ্ছন্দ্যের। মাতৃত্বের স্বাদ-নাটকটি আশা করছি ভালো লাগবে দর্শকের। ধন্যবাদ মশিউর ভাইসহ পুরো টিমকে।’

এদিকে মাইমুনা মম নিয়মিত অভিনয় করছেন সঞ্জিত সরকারের নতুন ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’, সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিকে।