‘হেফাজতে মৃত্যু’ জবাবদিহির ঘাটতি প্রকাশ করে : আসক

হেফাজতে মৃত্যু মানবাধিকারের সরাসরি লঙ্ঘন এবং এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহির অভাব স্পষ্টভাবে প্রকাশ করে বলে মন্তব্য করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সিলেট ও মৌলভীবাজারে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে দুই নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই মন্তব্য করেছে।

আসক জানিয়েছে, এ ধরনের ঘটনা নাগরিকদের নিরাপত্তার অধিকারকে হুমকির মুখে ফেলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতার বিষয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটে র‌্যাব-৯-এর হেফাজতে তানভীর চৌধুরী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়। ১৪ সেপ্টেম্বর রাতে তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে র‌্যাব দাবি করেছে।

অন্যদিকে, ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাজতখানার একটি কক্ষে মকদ্দুছ মিয়া নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আসক জানায়, সাম্প্রতিক সময়ে দেশে হেফাজতে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত সাতজন এভাবে প্রাণ হারিয়েছেন।