৩ দাবিতে অবস্থান কর্মসূচি বুয়েট শিক্ষার্থীদের

ডিপ্লোমাধারীদের সহিংস কর্মসূচির প্রতিবাদে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া দেশের অন্য সাধারণ প্রকৌশলী শিক্ষার্থীরাও তাদের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে বুয়েট ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

তাদের ৩ দফা দাবি হলো, সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ : শুধু ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোনোভাবেই কোটাভিত্তিক বা অন্য নামে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না; উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে নিয়োগ : ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগ পরীক্ষার সুযোগ রাখতে হবে; প্রকৌশলী পদবির সুরক্ষা : বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।

বুয়েট শিক্ষার্থীরা বলেন, প্রকৌশল খাতের দশম গ্রেডের টেকনিক্যাল পদ শুধু গ্র্যাজুয়েট প্রকৌশলীদের জন্য সংরক্ষিত থাকা দরকার। ডিপ্লোমাধারীদের জন্য পূর্ণাঙ্গ কোটা দাবি অযৌক্তিক এবং এতে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। তারা উদাহরণ টেনে বলেন, স্বাস্থ্য খাতে এমবিবিএস ডিগ্রিধারীরা নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে নিয়োগ পান, কিন্তু একই গ্রেডে কোনো ডিপ্লোমাধারী নিয়োগ পান না। অথচ প্রকৌশল খাতে ডিপ্লোমাদের দশম গ্রেডে সুযোগ দিলে প্রকৌশল শিক্ষা ও পেশাগত কাঠামোতে বৈষম্য তৈরি হবে।

তারা অভিযোগ করে বলেন, আলোচনার টেবিলে বসার সুযোগ থাকা সত্ত্বেও ডিপ্লোমা শিক্ষার্থীরা সহিংস পথ বেছে নিয়েছে, যা আন্দোলনকে সমাধানের বদলে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।