আসন পুনর্বহালের দাবি

বাগেরহাটে জেলা নির্বাচন অফিস ঘেরাও, উচ্চ আদালতে রিট

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন তারা। পরে অফিসের প্রধান গেট ঘিরে রাখেন নেতাকর্মীরা। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি।

সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জানান, হিন্দু ধর্মালম্বীদের দূর্গাৎসবের কারণে হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও ও রাজপথে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা ও ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টি চিন্তা করে হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে দুপুর পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি ও সর্বদলীয় সম্মিলিত কমিটি সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আদালত থেকে ন্যায়বিচার পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই চারটি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। ইতিপূর্বে নির্বাচন কমিশনের শুনানিতেও এ দাবি জানান তারা।