দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী শুরু করেছে কারিগরি ছাত্র আন্দোলন দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়ক ও রেলপথে অবস্থান নেওয়ায় দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে। ইতিমধ্যে ৩টি আন্তঃনগরসহ মোট ৪টি ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকে রয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর শহরের পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী শুরু করে শিক্ষার্থীরা। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর পৌনে ১টায়) শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ চলছি।

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে সকাল থেকে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে। 

শিক্ষার্থীদের আন্দোলনের ফলে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস সকাল ১০টা, রাজশাহীগামী আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস সকাল ১১টা থেকে দিনাজপুর ষ্টেশনে অবস্থান করছে। এছাড়া বগুড়াগামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস সকাল সাড়ে ৯টা বিরল উপজেলার মঙ্গলপুর ষ্টেশনে ও বিরলগামী দিনাজপুর কমিউটার ট্রেন সকাল ১০টা থেকে চিরিরবন্দর ষ্টেশনে অবস্থান করছে।

এতে করে ৩টি আন্তঃনগরসহ মোট ৪টি ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।