চাকসু নির্বাচন

মনোনয়ন সংগ্রহ ও জমায় আরো দুই দিন চায় ছাত্রদল, একদিন বাড়ল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা দুইদিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এক আবেদনে এ দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

প্রসঙ্গত, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় আজ বিকেল সাড়ে ৩টা। গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। যদিও গতকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিলো। তবুও শিক্ষার্থীদের উপস্থিতি বিবেচনায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়।

ছাত্রদলের পক্ষ থেকে আবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনে সংগঠনটি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী। কিন্তু গত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীদের হামলায় আহত অনেক শিক্ষার্থী এখনও তাদের গ্রামের বাড়িতে রয়েছেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলায় নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেননি। এ পরিস্থিতিতে মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও দুইদিন বাড়ানো হলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সকল শিক্ষার্থী উপকৃত হবেন।

এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি মিটিং করেছি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছে চাকসুর নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের সময় এক দিন বৃদ্ধি করেছি। অর্থাৎ আজ বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন এবং আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪।