'রাজনৈতিক বক্তব্য দেয়ায়' সূর্যকুমারের শাস্তি দাবি পাকিস্তানের

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসিকে এই মন্তব্যের জন্য সূর্যকুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

‎পাকিস্তানের সামা টিভি জানিয়েছে, দুবাইয়ে চলমান আইসিসির বৈঠকে পিসিবি দুইটি আনুষ্ঠানিক দাবি উপস্থাপন করে। এর মধ্যে একটি হলো—এশিয়া কাপে দায়িত্ব থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ করা। আরেকটি দাবি হলো—সূর্যকুমার যাদবের রাজনৈতিক বক্তব্যের কারণে তার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা।

‎গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক আগা সালমানের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার। ম্যাচ শেষেও পাকিস্তানিদের সঙ্গে করমর্দন না করেই ড্রেসিংরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন ভারতীয়রা।

‎পিসিবি দাবি করেছিল, ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর আগে নিয়মকানুন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটই দুই অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন।

‎এ ঘটনায় এশিয়া কাপ থেকে পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে অনুরোধ জানিয়ে ই-মেইল পাঠায় পিসিবি। নয়তো টুর্নামেন্ট বর্জনের হুমকি দেয়। বুধবার আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শুরুর আগে পাইক্রফট ক্ষমা চাইলে খেলতে নামে পাকিস্তান।


‎রবিবারের জয়ের পর সংবাদ সম্মেলনে পেহেলগামে হামলার প্রসঙ্গ সামনে এনে সূর্য বলেছিলেন, ‘আমি মনে করি, জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়ে বড়। আমাদের সরকার ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড)—আমরা সবাই একসঙ্গে এ সিদ্ধান্ত (পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো) নিয়েছিলাম। আমরা এখানে ওদের বিপক্ষে শুধু খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি।’

‎সূর্য আরও বলেন, ‘আমরা পেহেলগামে সন্ত্রাসী হামলায় সব ভুক্তভোগীর পাশে আছি। তাঁদের পরিবারের সঙ্গে আমাদের সংহতি আছে। আর যেমনটা বলেছি, এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সাহসী সেনাদের, যাঁরা অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন। তাঁরা সব সময় আমাদের অনুপ্রেরণা জোগান। সুযোগ পেলে আমরাও চাই তাঁদের অনুপ্রেরণা দিতে।’