চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর আঘাতে আলী হোসাইন (৫) নামে এক শিশু মারা গেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার মগধারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অইছার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আলী ওই এলাকার আবু তাহেরের ছেলে। পুলিশ অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে (৫০) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আলী বাড়ির বাইরে খেলছিল। এ সময় মো. জাহাঙ্গীর আলম তাকে একা পেয়ে মাথার ওপর তুলে আছাড় দেন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে দুপুর পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জুনায়েত কাউসার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে আসামি ওই শিশুকে মাথায় তুলে আছাড় দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে মর্মান্তিক এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা এ ঘটনা অভিযুক্তের উপযুক্ত শাস্তি দাবি করে। ঘটনার পর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা ও সন্দ্বীপ উপজেলা জামায়াত। দলটির উত্তর জেলা আমির মুহাম্মদ আলা উদ্দিন সিকদার এবং সন্দ্বীপ উপজেলা আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এক যৌথ বিবৃতিতে বলেন, সন্দ্বীপের মগধরা ইউনিয়নের আবু তাহেরের শিশুপুত্রকে এক প্রতিবেশী পারিবারিক কলহের জেরে নির্মমভাবে জখম করে। পরে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে শিশুটি ইন্তেকাল করে। এ নৃশংস হত্যাকাণ্ডে সন্দ্বীপ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
তারা বলেন, আমরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।