ঢাকার বাতাসের মান আজ ভালো

গত কয়েক দিন রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হলেও আজ সকাল থেকে রোদ দেখা যাচ্ছে। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো আজ ঢাকা শহরের বাতাসের মান‘ভালো’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭৩ নিয়ে বায়ুমান সূচক অনুযায়ী ‘ভালো’ হিসেবে গণ্য হচ্ছে ঢাকার বাতাস। 

এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ২২তম স্থানে রয়েছে ঢাকা।

বায়ু দূষণের তালিকায় ১৫৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। ১৫৬, ১৫২, ১৪৭,১২৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো, তৃতীয় অবস্থানে  উগান্ডার রাজধানী কাম্পালা, চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিত- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।