মালয়েশিয়ার হালাল শোকেসে বাংলাদেশি পণ্যের ঝলক

কুয়ালালামপুরে বিশ্বের বৃহত্তম হালাল প্রদর্শনী মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)-এর ২১তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় বাংলাদেশের আটটি শিল্প প্রতিষ্ঠান এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অংশ নেয়।

১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (এআইটিইসি) আয়োজিত এ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে তৈরি পোশাক, সিরামিক, ওষুধ, চামড়াজাত পণ্য ও প্লাস্টিকসহ নানা রপ্তানিযোগ্য পণ্য। পাশাপাশি ভিজ্যুয়াল ডিসপ্লে ও তথ্যবিবরণীও দর্শনার্থীদের কাছে তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশ নিয়েছে—গ্লোবাল ক্যাপসুলস, গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ, এপেক্স কনভিনিয়েন্স ফুডস, কে.এম.আর ক্রাফ্ট, রিমার্ক এইচবি, নিজজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ, এমএনএল ডিজাইনার জোন, গর্জিয়াস উইথ ট্রেন্ড এবং নওরিস ফুডস লিমিটেড। এ ছাড়া স্থানীয়ভাবে প্রাণ ও এগ্রোভার্স লিমিটেড (মৈত্রী) মেলায় অংশ নিচ্ছে। হাইকমিশন প্রতিষ্ঠানগুলোকে বিজনেস ম্যাচমেকিং ও নেটওয়ার্কিংয়ে সহযোগিতা করছে।

১৭ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নের ফিতা কাটেন ইপিবির মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার এবং ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ রেহান উদ্দিন, মেট্রেডের সিনিয়র পরিচালক এস. জয়শংকর, ইভেন্ট আয়োজক কিউব ইন্টিগ্রেটেড মালয়েশিয়ার পরিচালক ইউহানিস লতিফ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি সাব্বির এ. খানসহ ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বাংলাদেশি স্টল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে পরামর্শ দেন। এ সময় ইপিবির মহাপরিচালক জানান, তৃতীয়বারের মতো বাংলাদেশ এ শোকেসে অংশ নিচ্ছে এবং আসিয়ান অঞ্চলে রপ্তানির সুযোগ বাড়াতে ইপিবি আরও প্রতিষ্ঠানকে যুক্ত করার উদ্যোগ নেবে।

ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ-মালয়েশিয়ার ব্যবসায়িক সম্পর্ক জোরদারে হাইকমিশন কাজ করছে। তিনি সাম্প্রতিক সময়ে উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে হালাল করিডোর গড়ে তোলার প্রস্তাবের কথাও উল্লেখ করেন।

মেলা উপলক্ষে বাংলাদেশি প্রতিনিধিরা মালয়েশিয়ার হালাল ডেভেলপমেন্ট করপোরেশনের প্রধান নির্বাহী হাইরল আরিফিন সাহারি এবং মেট্রেডের সিনিয়র পরিচালক এস. জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। সেখানে ২০২৫ সালের ১–৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল সোর্সিং এক্সপোতে যোগদানের আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, এ বছরের মেলায় খাদ্য ও পানীয়, মডেস্ট ফ্যাশন, ফুড টেকনোলজি, ওষুধ, ই-কমার্স, ইসলামিক ফিন্যান্সসহ ১৪টি ক্লাস্টারে বিশ্বের ৩৯টি দেশের ১ হাজার ১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। মোট ২ হাজার ৩৮০টি বুথে প্রদর্শিত হচ্ছে হালাল শিল্পের নানা পণ্য ও সেবা।