মেরামতের অভাবে পটুয়াখালীর দুমকিতে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। তাই দ্রুত সাঁকো সংস্কার করা জরুরি। তবে তাদের দাবি একটি স্থায়ী ব্রিজ নির্মাণের।
স্থানীয়রা জানায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়ার পশ্চিম মুরাদিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়দের সহায়তায় নির্মিত এই সাঁকো দিয়ে প্রতিদিন পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। তবে শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ মানুষও উপজেলা শহরসহ পার্শ্ববর্তী জামলা ও কলবাড়ী বাজারে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় সাঁকোটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
শিক্ষার্থীরা জানান, এই সাঁকো পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। অনেকে পানিতে পড়ে বইপত্র নষ্ট করেছেন, আহতও হয়েছেন কয়েকজন।
অভিভাবকদের অভিযোগ, বিষয়টি জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যত এর এখন পর্যন্ত এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এখানে একটি আয়রন ব্রিজ নির্মাণ জরুরি। ইউনিয়ন পরিষদের কিছু নির্মাণ সামগ্রী থাকলেও উপজেলা পরিষদ থেকে বরাদ্দ ছাড়া কাজ শুরু করা সম্ভব নয়। ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) বিষয়টি জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক জানান, বিষয়টি তদারকির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।