ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও রাশিয়ার মতো স্বাধীন রাষ্ট্রগুলোর সফল সহযোগিতা বৈশ্বিক এক মেরু ব্যবস্থার অবসানকেই নির্দেশ করে। কোনো একতরফা শক্তির ওপর নির্ভর না করেও দেশগুলো উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন করতে পারে।
বুধবার সন্ধ্যায় তেহরানে রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলিয়েভের সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, স্বাধীন রাষ্ট্রগুলো একতরফা শক্তির ওপর নির্ভর না করে তাদের দেশকে প্রবৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে সক্ষম।
তিনি চলমান সহযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, উভয় দেশ দ্বিপাক্ষিক চুক্তি দ্রুত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন খাতে সহযোগিতা বাস্তবায়নে উভয় দেশের দৃঢ় সংকল্প রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ বৈঠকগুলোর ফলাফল দ্রুত বাস্তবায়নে রূপান্তরিত করার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী ও প্রযুক্তিগত দলগুলোকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান পেজেশকিয়ান।
দুই দেশের কূটনৈতিক বিনিময় তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও প্রসারিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে তিনি মন্ত্রী সিভিলিয়েভকে অনুরোধ করেন।
রুশ মন্ত্রী বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দৃঢ় অঙ্গীকারের ফলে ইরান-রাশিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের কাঠামোর মধ্যে গঠনমূলক সহযোগিতা গড়ে উঠেছে।
তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পারস্পরিক চুক্তি বাস্তবায়নের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন, বিশেষ করে পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন খাতে।
সিভিলিয়েভ আরও নিশ্চিত করেন, রাশিয়া দ্রুত দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে প্রস্তুত। কোনো প্রতিবন্ধকতা, চাপ বা নিষেধাজ্ঞা দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা ব্যাহত করতে পারবে না।