পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনে ষড়যন্ত্র দেখছেন প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের নামে নির্বাচন নস্যাৎ, গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে মহা বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এই সুযোগে পালিয়ে যাওয়া ফ্যসিবাদ আবার ফিরে আসতে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে পারে। অহেতুক আন্দোলনের নামে বিভাজন, উত্তেজনা, বিশৃঙ্খলা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত জুগলি ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, পিআর নিয়ে জামায়াত নিজেরাই আন্তরিক নয়। মাসের পর মাস চলা ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত নেতারা একবারের জন্যও সংসদের নিম্ন কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের প্রস্তাব উত্থাপন করে নাই। তাছাড়া আলোচনার টেবিলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার আগেই রাজপথের কর্মসূচি দুরভিসন্ধিমূলক।

তিনি বলেন, জনগণ নির্বাচন ও গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা মেনে নেবে না। দেশকে মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আগামী রমজানের আগেই নির্বাচন হবে।

তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থেকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার অহ্বান জানিয়ে বলেন, ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করতে হবে। ধানের শীষে ভোট দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ধানের শীষে ভোট দিলে, দেশ গড়বো মিলে-মিশে।

তিনি বলেন, একটি দলে নির্বাচন করার জন্য একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পরে। আমাদের ময়মনসিংহ-১ আসনেও রয়েছেন। কিন্তু দল সবদিক বিবেচনা করে একজনকেই মনোনয়ন দেবে, এটাই স্বাভাবিক। যার হাতে দল ধানের শীষ প্রতীক তুলে দিয়ে মনোনয়ন দেবে, সকলে ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করতে কাজ করতে হবে।

জুগলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ক্বারী আবুল কাশেমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কৃষক আব্দুস সাত্তার, বিএনপি নেতা শাজাহান মাহমুদ, আল আমিন চমক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুকতাদির আহসান, শওকত আলী, নিজাম উদ্দিন, আবু তালেব, শহীদুল ইসলাম, আকতার মেম্বার, প্রমুখ বক্তব্য রাখেন।