বিসিএস প্রিলি শুরু আজ, অনিয়মে বাতিল হবে প্রার্থিতা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। দেশের আটটি বিভাগীয় শহরে মোট ২৫৬টি কেন্দ্রে একই সময়ে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার প্রিলিমিনারিতে বসছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট শহরের কেন্দ্রে এমসিকিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে হলে প্রবেশ শেষ করতে হবে। নির্ধারিত সময়ের পর কেউ হলে ঢুকতে পারবেন না। প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মানা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। প্রবেশপত্রের তথ্য ও ছবি হাজিরা তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। কোনো অমিল ধরা পড়লে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নপত্র ও উত্তরপত্র চার সেটে ভাগ করা থাকবে। যে পরীক্ষার্থী যে সেটের উত্তরপত্র পাবেন, তাঁকে একই সেটের প্রশ্নপত্র সরবরাহ করা হবে।

২০০ নম্বরের এই প্রিলিমিনারিতে থাকবে ২০০টি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর পাওয়া যাবে, আর প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.৫০ নম্বর। নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। এ সময়ের মধ্যে কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না।

প্রবেশপত্র ছাড়া হলে প্রবেশ অসম্ভব। প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, গহনা কিংবা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। প্রবেশের সময় মেটাল ডিটেক্টরে তল্লাশি হবে। কেউ নিষিদ্ধ জিনিসসহ ধরা পড়লে কিংবা নকলচেষ্টায় যুক্ত থাকলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক নিয়োগ করা হবে। তাঁদের প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে। অন্য ধরনের প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট করে বাড়তি সময় পাবেন।

যেসব প্রার্থী ইংরেজি সংস্করণে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন, তাঁদের জন্য আলাদা প্রশ্নপত্র ছাপানো হয়েছে এবং পৃথক আসন বিন্যাস করা হয়েছে। পরীক্ষার দিনে কোনোভাবেই ভার্সন পরিবর্তনের সুযোগ নেই।

পরীক্ষায় অসদাচরণ বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিল করা হবে। পাশাপাশি সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০২৪ সালের ২৮ নভেম্বর পিএসসি ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার পদে শূন্যপদ ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডারে ২০১টি। সব মিলিয়ে নিয়োগ হবে ৩ হাজার ৬৮৮ জনের। আবেদন গ্রহণ শুরু হয় গত ১০ ডিসেম্বর থেকে এবং শেষ হয় ৩১ ডিসেম্বর। আবেদন করার শর্ত অনুযায়ী, ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।