নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম ইদন মিয়া (৭০)। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির এক পক্ষের হামলায় যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার আহত হয়েছেন।

স্থানীয়রা বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর উভয় গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয় এবং বিভাজন থেকে গতকাল ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

জানা যায়, নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও সম্প্রতি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ায়। পাশাপাশি দলীয় কর্মসূচিও তারা পৃথকভাবে পালন করেন। বিরোধের ধারাবাহিকতায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের রূপ লাভ করে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায় এবং অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়।

এদিকে সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল কম্পাউন্ডে অবস্থান করছিলেন আইয়ুব খানসহ সংবাদকর্মীরা। এ সময় আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃৃত সাধারণ সম্পাদক কাইয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে তার সমর্থকরা। এক পর্যায়ে তাকে বিভিন্ন লাঠিসোটা দিয়ে উপর্যুপরি আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। পরে অন্যান্য সংবাদিক ও উপস্থিত লোকজনের সহায়তায় হাসপাতালের ভেতরে আশ্রয় নেন তিনি।

আহত সাংবাদিক আইয়ুব খান বলেন, আমি বিএনপির দুই গ্রুপের সংর্ঘষের খবর পেয়ে হাসপাতালে যাই এবং সংবাদ অফিসে পাঠাই। এই সংবাদ ইউনিয়ন বিএনপির বহিষ্কৃৃত সদস্য সচিব কাইয়ুম সরকারের বিরুদ্ধে যাওয়ায় তার লোকজন আমার ওপর হামলা চালায়। লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলছে। আমি তাদের বিচার চাই। সদর হাসপাতালের আরএমও ফরিদা গুলশানারা কবির জানান, ঘটনার পরে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথার ডান পাশে চারটি সেলাই দেওয়া হয়েছে। মাথায় ইনজুরির কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নরসিংদী মডেল থানার অফিসার্স ইনচার্জ এমদাদুল হক বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলা যাবে।