গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ভেটো

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আনা সর্বশেষ খসড়া প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ভেটো করেছে। 

বৃহস্পতিবার (আঠারো সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে এটি গৃহীত হওয়ার কথা থাকলেও, যুক্তরাষ্ট্রের আপত্তিতে তা হয়নি। এ নিয়ে গাজা ইস্যুতে ছয়বারের মতো যুদ্ধবিরতির প্রস্তাব আটকাল ওয়াশিংটন।

প্রস্তাবের খসড়ায় অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি ত্রাণ সরবরাহের সুযোগ দেওয়া এবং ইসরাইলের অবরোধ শিথিলের আহ্বান ছিল। একই সঙ্গে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরাইলি নাগরিকদের সম্মানজনক মুক্তির কথাও অন্তর্ভুক্ত ছিল।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য প্রস্তাবটি উত্থাপন করে। ভোটাভুটিতে বাকি ১৪ দেশ সমর্থন জানালেও যুক্তরাষ্ট্রের ভেটোতে প্রস্তাবটি পাস হয়নি।

প্রায় দুই বছর ধরে গাজায় ইসরাইলের আগ্রাসন চলার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আনা এ ধরনের ছয়টি প্রস্তাবেই যুক্তরাষ্ট্র বাধা দিয়েছে। ওয়াশিংটনের এ অবস্থানের নিন্দা জানিয়ে ফিলিস্তিনি সংগঠন হামাস একে গণহত্যার অপরাধে প্রত্যক্ষ সম্পৃক্ততা বলে মন্তব্য করেছে।

ভোটাভুটির আগে জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন বলেন, গাজায় দুর্ভিক্ষ এখন আর আশঙ্কা নয়, নিশ্চিত বাস্তবতা। তার ভাষায়, গাজা সিটিতে ইসরাইলের সামরিক অভিযান বেসামরিক মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। এ ধরনের মানবিক বিপর্যয় নিরাপত্তা পরিষদকে এ প্রস্তাব উত্থাপন করতে বাধ্য করেছে।

দীর্ঘ দুই বছরের এই হামলায় গাজায় নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন অন্তত এক লাখ পঁয়ষট্টি হাজার নয়শ পঁচিশ জন।