১১ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

খুলে দেওয়ার ১১ দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গেটগুলো বন্ধ করা হয়। 

কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, উজান থেকে পানির ঢল কমে আসায় এবং ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনসহ সব বিষয় চিন্তা করে বাঁধের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ১০৮ দশমিক ২২ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। তবে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। তাই ধীরে ধীরে পানির স্তর আরও কমে আসবে। তবে হ্রদের তীরবর্তী এলাকার কয়েক হাজার পরিবার এখনও পানিবন্দী রয়েছে।

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছায় গত ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় পানি ছাড়ার পরিমাণ সর্বোচ্চ সাড়ে তিন ফুট পর্যন্ত বাড়নো হয়েছিল।