সিএসএর ভিপি রিফাদকে সংবর্ধনা দিলেন বিএনপি নেতা

কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদকে সংবর্ধনা দিয়েছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে শেখ রিফাদ মাহমুদের হাতে ফুলের তোড়া তুলে দেন বিএনপি নেতা দাউদার মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, চামারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।

গত ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদ ভোটে ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার পাঁচ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ছাত্র বিষয়ক অফিসিয়াল সংস্থা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হন।

নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রিফাদ বর্তমানে রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা শেখ মো. রকিবুল ইসলাম সিংড়ার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। রিফাদ বর্তমানে জাতিসংঘ যুব উপদেষ্টা পর্ষদ বাংলাদেশের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।