সখীপুরে গণপিটুনিতে চোর নিহত

টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোভ্যান চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আ. রশিদ মিয়ার ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নে কয়েকদিন ধরে নিয়মিত চুরির ঘটনা ঘটছিল। শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করে। পরে পাওদোয়া চালা গ্রামে  চোর জহিরুলকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থল তিনি নিহত হন।

এ দিকে সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর আলীর মোড় থেকে স্থানীয় জনতা শাকিল নামের এক মোটরসাইকেল চোরকে ধরে পুলিশে দেয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চোর শাকিলকে থানায় আনা হয়েছে। এ দুই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।