ঢাকার একটি আদালত তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান ও গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এস এম আশরাফুল আলম আসকরকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে। তেজগাঁওয়ে আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসকরকে হাজির করা হলে রমনা মডেল থানার এ মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম তাকে কারাগারে প্রেরণের আবেদন করেন। আসকরের পক্ষ থেকে আইনজীবী জামিন চাইলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁও থানার মনিপুরীপাড়ার ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার সহকারে মিছিল করে। একপর্যায়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর কয়েকজনকে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।
ওই দিনই তেজগাঁও থানার উপপরিদর্শক একেএম নিয়াজউদ্দিন মোল্লা সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করেন।