বিএনপি ক্ষমতায় এলে সব মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: সুলতান টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সম্প্রতি দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও আদর্শের কথা তুলে ধরেছেন। টাঙ্গাইলের পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, যদি বিএনপি সরকার গঠন করে বা জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এই কার্ডগুলো বাড়ির মায়েদের নামে ইস্যু করা হবে, যা নারীর মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

টুকু দৃঢ়তার সঙ্গে জানান, দেশের মানুষের জন্য আমরা কাজ করব- এটিই আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন: ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু কিছু বলতে নেই, আমরা সবাই বাংলাদেশি।’

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটে শ্রী শ্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

নিজের রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল থাকার ওপর জোর দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘নিজের পরিচয় লুকিয়ে অন্যের ব্যানারে যারা রাজনীতি করেছেন, তারা প্রকাশ্যে এসে অন্য নীতিতে রাজনীতি করে। মনে একটা আর করে আরেটা। তাদের মোনাফেক বলা হয়। মুনাফেককে বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না। কাজেই আমরা যা বলি তা করার চেষ্টা করি।’

তিনি বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদাহরণ টেনে বলেন, ‘জিয়াউর রহমান যখন যা বলেছেন জনগণের জন্য তা করেছেন। খালেদা জিয়াও তা করেছেন এবং তারেক রহমান আগামীতে করবে।’

তিনি আরও যোগ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে গড়ে তুলতে হবে এবং এই পথে কোনো জাতিভেদ চিন্তা করা উচিত নয়। ‘মানবিকতা নিয়ে আমাদের পথ চলতে হবে’ তিনি বলেন।

টুকু হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, ‘পূজা যাতে সবাই ভালোভাবে পালন করতে পারে সে লক্ষ্যে গতবারও নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএনপি, এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে।’

পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটের সভাপতি সুশীল রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

আলোচনা পর্ব শেষে সুলতান সালাউদ্দিন টুকু অসহায়দের মধ্যে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করেন। এরপর তিনি ফিতা কেটে পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটে শ্রী শ্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও মন্দিরের পূজারীরা উপস্থিত ছিলেন।