ডা. জাহিদ বললেন

পিআরের কারণে নেপালে ১৪ বার ক্ষমতার পরিবর্তন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ায় নেপালে কয়েক বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে।’ গতকাল শুক্রবার রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘৫ আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কতৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে। কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন। কিন্তু যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে, তারা নির্বাচন পেছাতে চায়।’

তিনি বলেন, ‘নেপালে পিআর প্র্যাক্টিস হয়েছে দেখেই বিগত বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। দলবাজি করার জন্য, জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত চালিয়ে দেওয়ার জন্য যারা তাবেদারী করছেন তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘পিআর চাইলে নির্বাচনী ইশতেহারে দেন, কেন প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে তা আদায় করতে হবে? সংবিধান এখনো কার্যকর। তবে তা অস্বীকার করার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।’

জনগণের মতামতকে অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর ফায়দা আদায় করার কাজে ব্যবহার করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।