ভারতে ঢাকা দক্ষিণ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে ভারত সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই জুবায়েরকে আদালতে সোপর্দ করা হয়।

জুবায়ের বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। কিন্তু সেখানে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জাল করে ভুয়া গমন দেখান।

বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দর্শনা ইমিগ্রেশনের এসআই তুহিন হোসেন প্রতারণার মামলা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।