পূজা উৎসবে মুক্তি পাচ্ছে গোয়েন্দাগিরিখ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'ব্যাচেলর ইন ট্রিপ'। ইতিমধ্যে মুক্তির তারিখ চুড়ান্ত করেছে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা। পূজার উৎসবে রিলিজের জন্য চলচ্চিত্রটি বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতিতে নাম এন্ট্রি করেছে।
চলচ্চিত্রটির প্রযোজক এবং পরিচালক দুজনই নিশ্চিত করেছেন আসন্ন পূজার উৎসব উপলক্ষে ৩ অক্টোবর রিলিজ হবে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রটি। উল্লেখ্য, আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পল প্রমুখ।
পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্রটি দেখার সময় জীবনের নানা লক্ষ্য উপলক্ষ্য দর্শককে ভাবাবে। কমেডি উপাদানগুলো দিবে নির্মল আনন্দ। বন্ধুবান্ধব, পরিবার পরিজন, সঙ্গীকে নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য, সময়টিকে উপভোগ করার জন্য ব্যাচেলর ইন ট্রিপ দেখা যেতে পারে।
অভিনেতা মুকিত জাকারিয়া জানান, ঈদ উৎসবের পর পূজার উৎসবেও আমার অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। চলচ্চিত্রটি পরিচালক নাসিম সাহনিক বেশ যত্ন নিয়ে বানিয়েছেন। আশা করি দর্শক চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হবে।
অভিনেত্রী শিরিন শিলা জানান, চলচ্চিত্রটিতে তার চরিত্রটি দারুণ। তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তোলার। চলচ্চিত্রটিতে অনেক শিল্পী। সবাই বেশ মেধাবী। টানটান উত্তেজনাময় এই চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।
'ব্যাচেলর ইন ট্রিপ' একটি ট্রাভেল স্টোরি। সাথে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়।
চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সমুদ্রপাড়ে রোমাঞ্চ, এডভেঞ্চার এর পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও চলচ্চিত্রটিকে করে তুলেছে টানটান উত্তেজনাময়। চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে ২০ সেপ্টেম্বর আফতাবনগর আইডিয়াল চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে চলচ্চিত্রটির শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি চলচ্চিত্রটির ট্রেইলার উন্মোচন করা হয় এবং গান প্রদর্শন করা হয়।