মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে ‘ম্যাকবেথ’

বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা ফরাসি শিল্পী ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ১৮তম প্রয়াণ দিবস আগামীকাল ২২ সেপ্টেম্বর। এ  উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে স্বপ্নদলের প্রশংসিত মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে এবং

ঐতিহ্যের ধারায় বাংলা মূকাভিনয়রীতিতে নির্মিত ‘ম্যাকবেথ’-এর নির্দেশনা দিচ্ছেন জাহিদ রিপন।

নাটকটির গল্প স্কটিশ সেনাপতি ম্যাকবেথকে ঘিরে। যুদ্ধ জয় করে ফেরার পথে রহস্যময় শক্তি তার পথ রোধ করে। এ শক্তি ভবিষ্যদ্বাণীতে বলে, ‘প্রথমে ম্যাকবেথ কডোর প্রধান এবং পরে রাজা হবে। ব্যাংকো হবে রাজার আদি পিতা।’ ম্যাকবেথ চিঠির মাধ্যমে লেডি ম্যাকবেথকে এ তথ্য জানায়। লেডি ম্যাকবেথের মনে উচ্চাকাক্সক্ষা জন্ম নেয়। সে ম্যাকবেথকে প্ররোচিত করে রাজা ডানকানকে হত্যার জন্য। পরে নিজ বাড়িতে রাজাকে হত্যা করে সিংহাসনে বসেন ম্যাকবেথ। রাজা হত্যার দায় এড়াতে কৌশলে একে একে হত্যা করেন ডানকানের দেহরক্ষী, ব্যাংকো, ম্যাকডাফের স্ত্রী ও সন্তানদেরও।

রহস্যময় শক্তির মোহে ম্যাকবেথ ভুলে যায় যে ক্ষমতা চিরস্থায়ী নয়। একসময় লেডি ম্যাকবেথ অনুতাপে দগ্ধ ও অসুস্থ হয়ে আত্মহননের পথ বেছে নেন। ইংল্যাংন্ডের রাজার সহায়তায় ডানকানের পুত্র ম্যালকম ও ডোনালবেইন ম্যাকবেথ বাহিনীকে পরাজিত করে নিজ রাজ্য পুনরুদ্ধার করে। অবশেষে ম্যাকডাফের অস্ত্রের আঘাতে ইতি ঘটে স্বেচ্ছাচারী ম্যাকবেথের। এভাবেই এগিয়ে গেছে ম্যাকবেথ নাটকের গল্প। নাটকটিতে অভিনয় করেছেন জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, সোনালী, অনিন্দ্য, অর্ক, নিসর্গ, শফিক, জাওয়াদ, আলী প্রমুখ।