রাশিয়া প্রায় অর্ধশত মিসাইল আর ৬শ ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। বিমান হামলার শিকার হয়েছে দেশটির ৯ অঞ্চল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বড় ধরনের হামলার টার্গেট হয়েছে খারকিভ, ওডেসা, সুমি। এ সময় তিনজন মারা গেছেন। আহত হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। একে অন্যের ওপর পাল্টাপাল্টি আক্রমণ করেছে দেশদুটি।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, এ অভিযানে মোট ৬১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। অন্যদিকে নির্ভুল অস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী মূলত সামরিক ও শিল্প স্থাপনায় আঘাত হেনেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার সামারা অঞ্চলে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে রাশিয়ার একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয় বলে জানায় কিয়েভ। একইসঙ্গে পার্শ্ববর্তী সারাতোভ অঞ্চলের আরেকটি তেল শোধনাগারেও আঘাত হানার কথা জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এরপর থেকে আন্তর্জাতিক মহলের নানা উদ্যোগ সত্ত্বেও এই যুদ্ধের অবসান ঘটেনি।