সখীপুর-কচুয়া সড়কের মিলপাড়ে লাবীব গ্রুপের উদ্যোগে সংস্কার কাজ শুরু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের সখীপুর-কচুয়া সড়কের মিলপাড় এলাকায় শুরু হয়েছে রাস্তা সংস্কার কাজ। লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে মা ও শিশু কেয়ার ক্লিনিক থেকে মিলপাড় পর্যন্ত জরুরি সংস্কার কার্যক্রম চলছে।

সম্প্রতি এ সড়কের দুরবস্থা ও জনদুর্ভোগের বিষয়টি তার নজরে আসলে তিনি নিজ উদ্যোগে সংস্কার কাজ শুরু করেন। উল্লেখ্য, গত ২৮ জুলাই দৈনিক দেশ রূপান্তর-এ “দুর্ভোগ ও মৃত্যুফাঁদের আরেক নাম সখীপুর-কচুয়া-আড়াইপাড়া সড়ক” শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।  

একাধিক অটো চালক, সিএনজি ও পথচারীরা এক সঙ্গে হলে তারা জানান,  সালাউদ্দিন আলমগীর রাসেলের সাহেবের এমন মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানাই। 

প্রসঙ্গত, প্রায় আট কিলোমিটার দীর্ঘ এ সড়কটি এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম। বর্তমানে এটি খানাখন্দ, ভাঙাচোরা পিচ আর বৃষ্টির পানিতে জলাবদ্ধ এক ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, কৃষিপণ্যবাহী যান, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

সড়কের দুই পাশে রয়েছে গ্রাম, স্কুল-কলেজ, হাটবাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান। শুধু সখীপুর নয়, টাঙ্গাইল সদর, বাসাইল, ঘাটাইল, মির্জাপুর, ভালুকা, ফুলবাড়িয়া ও ময়মনসিংহের ত্রিশালের মানুষও এ সড়ক ব্যবহার করেন। 

বর্ষাকালে সড়কটি রূপ নেয় কাদার সাগরে। ছোট যানবাহন প্রায় চলতেই পারে না, ভারী যান কাদায় দেবে যায়। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন সবচেয়ে বেশি।

অঞ্চলবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সড়কের স্থায়ী সংস্কার নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

স্থানীয়রা অবিলম্বে সড়কের টেকসই সংস্কারের জন্য সড়ক ও জনপথ (সওজের) কাছে দাবি জানিয়েছেন।