গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তিনি সোমবার সিঙ্গাপুর রওনা হচ্ছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দেশবাসীর কাছে নুরুল হক নুরের জন্য দোয়া চান।
শাকিল উজ্জামান জানান, সোমবার সকালে নুরুল হক নুর দেশ ত্যাগ করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন ডা. সাজ্জাদ হোসেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত নুরুল হক নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।