হবিগঞ্জে পারাবতের ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রায় ২ ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে রোববার সকাল ১০টা ৫৭ মিনিটে খোয়াই নদীর ব্রিজের ওপর ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সাথে ঢাকা চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী ষ্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান- সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর বিকল হওয়া ট্রেনটিকে এর ইঞ্জিন দিয়ে ফেরত আনা হয়। বেলা ২টার দিকে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়।

পারাবত ট্রেনের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, খোয়াই নদী পার হওয়ার সময় চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখতে পাই দুটি ফিউজ জ্বলে গেছে। ফ্যান ঘুরছে না। তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে।