ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করতে পারলে পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কোনো বিধান তাদের নেই। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে আমরা সেটি উৎসাহিত করি। এক্ষেত্রে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে।
তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই। যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার বিধান আমাদের রয়েছে এবং এটা আমরা আইনের ভেতরে থেকে নিয়মের মধ্যে করে থাকি।
ডিসি তালেবুর রহমান আরও জানান, রাজধানীতে ডিএমপির ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন সোসাইটি অংশে এলওসিসি (ল অ্যান্ড অর্ডার কমিউনেশন কমিটি) নিজস্ব উদ্যোগে প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে।
তিনি বলেন, দুটি মিলে সর্বসাকুল্যে ২ হাজারের অধিক সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সিসিটিভি ক্যামেরার আওতা আরও বাড়ানোর জন্য, যা অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করবে।
সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা ঢাকাবাসীকে রাত ৯টার পর হাতিরঝিলে যেতে নিষেধ করেছেন। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিএমপি দিনরাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমরা (ডিএমপি) আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারো চলাচলে নিরুৎসাহিত করিনি। এটা অন্য কোনো ইউনিট করে থাকলে আমার জানা নেই। আমাদের পক্ষ থেকে বলতে পারি, আপনারা নিশ্চিন্তে-নির্ভয়ে চলাফেরা করবেন।