সিনিয়র ডিভিশন লিগ ১৫ নভেম্বর শুরু

২০ দল নিয়ে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ শুরু হবে ১৫ নভেম্বর। এর আগে ১ থেকে ৩০ অক্টোবর মাসব্যাপী চলবে দলবদল। এবারই প্রথম মাস জুড়ে দল গঠনের সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। মূলত অনলাইনে নিবন্ধন সারার নতুন নিয়ম হওয়ায় বাড়ছে দলবদলের সময়।

গত বছর ৫ আগস্ট গত আসরের শেষ ম্যাচ হওয়ার পর আর মাঠে গড়ায়নি এই লিগ। অসম্পূর্ণ এ লিগ বাতিল হয় রাজনৈতিক পটপরিবর্তনে। এরপর থেকেই শুরুর অপেক্ষা। পরিবর্তনের নেতিবাচক প্রভাবে  সিনিয়র ডিভিশন ফুটবল লিগের বেশির ভাগ ক্লাবকেই ভুগতে হয়েছে। ক্লাবগুলোর নেতৃত্বে এসেছে পরিবর্তন। পাশাপাশি চরম অর্থ সংকটে ক্লাবগুলো লিগ বিলম্বে শুরুর অনুরোধ জানায় মহানগর ফুটবল লিগ কমিটির কাছে। তাই বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার ১০ মাস পর সিনিয়র ডিভিশন ফুটবল লিগ আয়োজনের পথে হাঁটছে। এই ধারাবাহিকতায় রবিবার অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করে মহানগর লিগ কমিটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সহ-সভাপতি সাব্বির আহম্মেদ আরেফ আছেন এই কমিটির চেয়ারম্যানের দায়িত্বে। মতবিনিময় সভা শেষে তিনি জোরালো কণ্ঠে আশাবাদ প্রকাশ করেন কমিটির অধীনস্ত সবকটি লিগ নিয়মিত আয়োজনের। সিনিয়র ডিভিশন লিগ দিয়ে শুরু হচ্ছে তাদের পথচলা। এরপর ক্রমান্বয়ে দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ লিগ আয়োজন করবে কমিটি। সিনিয়র ডিভিশন ফুটবল লিগ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের নবস্থাপিত কৃত্রিম টার্ফে আয়োজনের পরিকল্পনা করেছে কমিটি। এছাড়া ধূপখোলা মাঠসহ সিটি করপোরেশনের আওতাধীন বেশ ক’টি ক্লাব নিজ উদ্যোগে পরিচর্যা করে খেলার উপযোগী করে তুলতে চায় বাফুফে।

লিগকে শতভাগ ‘পাতানো মুক্ত’ করতে কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানান আরেফ, ‘আমরা মহানগর ফুটবল লিগ কমিটির আওতাধীন লিগগুলোকে শতভাগ পাতানো ম্যাচমুক্ত আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া অবৈধ বেটিং গ্রাস থেকেও লিগগুলো মুক্ত রাখতে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ রকম কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’ ক্লাবগুলোর আর্থিক সহায়তার অনুরোধ প্রসঙ্গে আরেফ বলেন, ‘আমরা বলেছি এই মৌসুমে কোনো দাবি করা যাবে না। আশা করছি আগামী বছর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে দাবি পূরণ করা হবে।’

এক লিগের খেলোয়াড় আরেক লিগে যাতে একই মৌসুমে খেলতে না পারে, তাই ফিফা কানেক্ট সফটওয়্যারের মাধ্যমে সবস্তরের লিগের ফুটবলারদের নিবন্ধন অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। অতীতে দেখা যেত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের অনেক খেলোয়াড় একই সঙ্গে সিনিয়র ডিভিশনে খেলতেন। ফিফা কানেক্টে নিবন্ধন হওয়ার ফলে এখন সে সমস্যা মিটবে বলে আশাবাদী বাফুফে কর্তারা। এক লিগের সঙ্গে আরেক লিগের মধ্যে ১৬ সপ্তাহের ব্যবধান থাকলে একজন খেলোয়াড় দুই লিগে খেলতে পারবে।

গত বছর অসম্পূর্ণ লিগের ১৭টি দল ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমিত দুটি দল ও দ্বিতীয় পেশাদার লিগে দল গঠন না করা নোফেল স্পোর্টিং খেলবে এবারের সিনিয়র ডিভিশন ফুটবল লিগে।