পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় যুবদল নেতার তান্ডব

নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তা-ব চালিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও যুবদল নেতা রিপন চন্দ্র দাস। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত শনিবার রাতে ভুক্তভোগী শিপন চন্দ্র দাস হাতিয়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, রিপন চন্দ্র দাস শিপন চন্দ্র দাসের দোকানে ঢুকে চেয়ারে বসা শিপনকে মারধর করেন। দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তার দিকেও বারবার তেড়ে আসেন রিপন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।

রিপন পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলার আহ্বায়ক ছাড়াও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক।

হামলার শিকার শিপন চন্দ্র দাস বলেন, ‘আমাদের এলাকায় ব্রজবাসী চৌকিদার বাড়িতে দুর্গাপূজা হয়। পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় রিপন আমার ওপর হামলা করে। পরে বিচার চাইলে আবারও মারধরের হুমকি দেয়। সে দলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’ দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বলেন, রিপন হঠাৎ আমার দোকানে ঢুকে শিপনকে মারধর করে। আমি বাধা দিলে আমাকেও মারার চেষ্টা করে এবং বিদ্যুতের মিটার কেটে দেওয়া ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।