জুলাই হত্যা মামলাকে কেন্দ্র করে অর্থনৈতিক অসদাচরণের অভিযোগে জেলা বিএনপির দু’জন নেতাকে শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে লিখিত নোটিশ প্রদান করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
শোকজপ্রাপ্ত নেতারা হলেন-সদর উপজেলা বিএনপির সদস্য ও মাদারবুনিয়া ইউনিয়ন কমিটির সভাপতি আবু হানিফ এবং সদর উপজেলার ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান। উল্লেখ্য, মশিউর রহমান বর্তমানে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতের এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, আবু হানিফ ও অ্যাডভোকেট মশিউর রহমান পিতা-পুত্র।
বিএনপির পক্ষ থেকে প্রেরিত নোটিশে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে জুলাই হত্যা মামলাকে পুঁজি করে বাণিজ্য ও অর্থ উপার্জনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে, যা দলের শৃঙ্খলা, নীতি ও মূল্যবোধের পরিপন্থী। এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দেয়ার জন্য তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ঢাকার মেরুল বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হন পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের কৃষক কামাল আকনের ছেলে ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান মো. রায়হান আকন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে একই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরদিন ৬ আগস্ট তাকে তার নিজ গ্রামে দাফন করা হয়।
এই ঘটনার প্রায় আট মাস পর চলতি বছরের ২০ এপ্রিল আদালতের নির্দেশে বাড্ডা থানায় মামলাটি দায়ের করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৩৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই মামলায় অনেককে আসামি করা বা বাদ দেয়ার নাম করে অর্থ হাতিয়ে নেয়া হচ্ছিল। এই প্রক্রিয়ার সাথেই জড়িত থাকার অভিযোগে বিএনপির এই দুই নেতাকে শোকজ করা হয়।