ক্লাসরুম নয়, গাছতলায় বিশ্ববিদ্যালয় ক্লাস! ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বহালের দাবিতে এবং শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে।

কর্মবিরতি উপেক্ষা করে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোর্শেদুল ইসলাম পিটার গাছতলায় বসে ক্লাস নিয়েছেন। রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনের গাছতলায় তিনি এই ক্লাস নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উপস্থিতিও নিশ্চিত করেন। তাঁর এই ক্লাসের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মুগ্ধ করেছে নেটিজেনদের।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ক্লাস পরীক্ষা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অধ্যাপক ড. মোর্শেদুল ইসলাম পিটার বলেন, আমি চাই না শিক্ষার্থীদের ওপর কোনো অনৈতিক অধিকার চাপিয়ে দেওয়া হোক। প্রশাসনে যারা বসে আছেন তারা মিথ্যুক ও প্রতারক। যারা জুলাই বিপ্লবকে ধারণ করে এবং সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝে, তাদেরই প্রশাসনে থাকা উচিত।

তিনি আরও বলেন, আমি ক্লাস রুমে ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু কোনো কর্মকর্তা-কর্মচারী আমাকে সহায়তা করেনি। আমি যে দায়িত্বের জন্য বেতন পাই, আমি সেই দায়িত্ব পালন করেছি। এখানে কে কী ভাবলো তা দেখার সময় আমার নেই।