এশিয়া কাপে আরেকবার ভারতের কাছে বড় পরাজয় বরণ করল পাকিস্তান। গতকাল রবিবার রাতে তারা ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে। ম্যাচ শেষে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সরাসরি স্বীকার করলেন, গত চার-পাঁচ বছর ধরে প্রতিটি বিভাগে ভারত পাকিস্তানকে ছাপিয়ে যাচ্ছে।
‘সুলতান অব সুইং’ খ্যাত আকরাম বলেন, ‘আমি মন খুলে বলছি। পাকিস্তানের খেলা দেখা কঠিন হয়ে গেছে। আমি জানি ক্রিকেটে জয়-পরাজয় আছে। কিন্তু অনেকদিন ধরে ভারত আমাদেরকে সব ক্ষেত্রে ছাপিয়ে যাচ্ছে। আমরা এক-দুইবার জিতেছি বটে, কিন্তু ভারতের ধারাবাহিকতা, প্রতিভা আর গভীরতা সত্যিই অবিশ্বাস্য। প্রথম ১০ ওভারে ৯১ রান করার পরও যদি ২০০ না তুলতে পারি, তাহলে বলার কিছুই নেই।’
ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেছিল পাকিস্তান। ইতিহাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি রান তুলেছিল। তবে মাঝপথ থেকে শুরু হয় ভাঙন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭১। জবাবে ভারত ওপেনার শুবমান গিল ও অভিষেক শর্মার ঝড়ো উদ্বোধনী জুটিতে মাত্র ৯.৫ ওভারে ১০৫ রান তুলে ফেলে।
এটা ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের টানা চতুর্থ টি-টোয়েন্টি জয়। তবে ম্যাচের সবচেয়ে সমালোচিত মুহূর্ত আসে ১৯তম ওভারে। অল-রাউন্ডার মোহাম্মদ নওয়াজ অদ্ভুতভাবে রান-আউট করে দেন সূর্যকুমার যাদব। ধীরেসুস্থে ক্রিজে ফিরছিলেন নওয়াজ, সেই সুযোগে সরাসরি স্টাম্পে আঘাত করেন সূর্যকুমার। এমন অবহেলাজনিত আউট দেখে হতবাক হন পাকিস্তানের সাবেক তারকারা। আকরাম তখন লাইভ কমেন্ট্রিতে বিস্মিত কণ্ঠে বলেন, ‘অবিশ্বাস্য! আমি সত্যিই নির্বাক!’