পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা সিরিয়ার

সিরিয়ায় নতুন প্রশাসনের অধীনে আগামী ৫ অক্টোবর সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার দেশটির সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর এটাই প্রথম সংসদ নির্বাচন।

সানার প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনের মাধ্যমে গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর নতুন সংসদ একটি বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

তবে সমালোচকরা সতর্ক করে দিয়েছেন যে, বর্তমান ব্যবস্থা সিরিয়ার প্রান্তিক সম্প্রদায়ের পর্যাপ্ত প্রতিনিধিত্ব করে না।

যুদ্ধবিধ্বস্ত দেশটিকে স্থিতিশীল করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এ ঘোষণা এলো।

সানা জানিয়েছে, ২১০ সদস্যের পিপলস অ্যাসেম্বলির জন্য সকল নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ করা হবে। পিপলস অ্যাসেম্বলির এক-তৃতীয়াংশ আসন প্রেসিডেন্ট আহমেদ আল শারা নিয়োগ করবেন।

কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিল যে সেপ্টেম্বরে ভোটগ্রহণ হবে। মার্চ মাসে শারা'র নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সময়কাল পরিচালনার জন্য একটি সাংবিধানিক ঘোষণা জারি করে সিরিয়া।