জবিতে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করল ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছেন শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, কমনরুম এবং বিভিন্ন বিভাগে এসব ফিল্টার স্থাপন করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে নিরাপদ পানি পান কর্মসূচি অংশ হিসেবে এ কার্যক্রম শুরুর ঘোষণা দেন সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই নিগৃহীত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি। এজন্যই আমরা নিরাপদ পানি কর্মসূচি হাতে নিয়েছি, যা আজ থেকে চালু থাকবে।

শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের দায়িত্ব প্রশাসনের হলেও বাস্তবে তা সম্ভব হয়নি। তারা যে দু-একটি ফিল্টার দিয়েছেন, তা দিয়ে এত শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব হয় না। তাই সংগঠন হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি।

পরবর্তী ধাপে ছাত্রী হলে ঠান্ডা পানির ফিল্টার বসানোসহ ওয়াশিং মেশিন ও নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে সংগঠনটি।