পিএসজিকে চারটি ট্রফি জেতানো উসমান দেম্বেলে জিতেছেন এবারের ব্যালন ডি'অর।
সোমবার রাতে প্যারিসে ফ্রান্স ফুটবলের গালা আয়োজনে ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদিনহোর হাত থেকে এই ট্রফি তুলে নেন ফরাসী এই উইংগার।
৩০ জনের প্রাথমিক তালিকা থেকে সারা বিশ্বের ১০০ দেশের সাংবাদিকদের ভোটে শীর্ষ দশের মধ্যে দেম্বেলের সংগে সেরা দুইয়ে লামিন ইয়ামালও ছিলেন। কিন্তু কোপা ট্রফি জয়ীকে পেছনে ফেলে সেরা হন দেম্বেলে।
পুরস্কার জয়ের পর দেম্বেলে বলেন, '“আমার কাছে বলার মতো খুব বেশি কিছু নেই। দেখুন, এটা সহজ নয়। আমার ক্যারিয়ারে পাওয়া সেরা অর্জনগুলোর মধ্যে এটি একটি।
“রোনালদিনহোর হাত থেকে এই ট্রফি গ্রহণ করা, যিনি ফুটবলের এক কিংবদন্তি—এটা সত্যিই অবিশ্বাস্য।
“পুরো দল এবং ক্লাবকে ধন্যবাদ। এটা সত্যিই একটি অসাধারণ পরিবার। প্রথম দিন থেকেই আপনারা অসাধারণ ছিলেন। সভাপতি, প্রথম যোগাযোগ থেকেই তিনি আমার প্রতি দারুণ ব্যবহার করেছেন,” বলেন ফরাসি তারকা।
২৮ বছর বয়সী দেম্বেলে পিএসজির হয়ে ২০২৪-২৫ মৌসুমে স্মরণীয় সময় কাটিয়েছেন। ফরাসি ক্লাবটির হয়ে ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল, অ্যাসিস্ট করেছেন ১৬টি। সেই সঙ্গে পিএসজি জিতেছে লিগ ওয়ান, কুপ দ্য ফ্রান্স, প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ। এছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হয়েছে তারা।
দেম্বেলে ফ্রান্সের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন। তার আগে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিলেন রেমঁ কপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩-৮৫), জঁ-পিয়ের পাপাঁ (১৯৯১), জিনেদিন জিদান (১৯৯৮) ও করিম বেনজেমা (২০২২)।
২০২২ সালে করিম বেনজেমার পর চার বছরের মধ্যে দ্বিতীয় ফরাসি হিসেবে ট্রফি জিতলেন তিনি। দেম্বেলে আরো ইতিহাস গড়লেন পিএসজির হয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জেতার মাধ্যমে। তার আগে ২০২১ সালে জিতেছিলেন লিওনেল মেসি।
অন্যদিকে, মেয়েদের ফুটবলে ইতিহাস গড়লেন বার্সেলোনার আইতানা বনমাতি। আর্সেনালের মারিওনা কালদেন্তেই ও আলেসিয়া রুসোকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর ফেমিনিন জিতলেন তিনি। ২০২৩ ও ২০২৪ সালের পর এ নিয়ে টানা তিনবারের সাফল্যে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড়—পুরুষ বা নারী—যিনি তিনবার পরপর ব্যালন ডি’অর জিতলেন। তার আগে এই কীর্তি গড়েছিলেন মেসি ও মিশেল প্লাতিনি।