ঝটিকা মিছিলের অংশগ্রহণকারী ছয়জন গ্রেপ্তার

সাংগঠনিক কার্যক্রম নিষিধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজধানীতে ঝটিকা মিছিলের অর্থায়নকারী এবং অংশগ্রহণকারী ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রবিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামাল হোসেন, ঢাকার কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মনির হোসেন, আওয়ামী লীগ কর্মী জামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রনি, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু ও ১ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা সাবেক ইউপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার রাতে রাজধানীর বেইলী রোড থেকে কামাল হোসেন ও মনির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগ; ধানমন্ডি থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ; চকবাজার থেকে মো. রনি ও মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগ এবং বনশ্রী ডি-ব্লক থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।