পাঁচটি নদী পুনঃখনন করবে সেনাবাহিনী

যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর পান্থপথে পানি ভবনে এই চুক্তি সই হয়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন যশোর পানি উন্নয়ন সার্কেল, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক বি এম আব্দুল মোমিন। সেনাবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, এএফডব্লিউসি, পিএসসি।

প্রকল্পের আওতায় যশোর ও খুলনা এলাকার হরিহর নদী (৩৫ কিমি), হরি-তেলিগাতি নদী (২০ কিমি), আপারভদ্রা নদী (১৮.৫ কিমি), টেকা নদী (৭ কিমি) ও শ্রী নদীসহ (১ কিমি) মোট পাঁচটি নদীর ৮১.৫ কিমি পুনঃখনন করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ হাজার ৯৯৮ দশমিক ১৯ লাখ টাকা। সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী অর্পিত ক্রয়কার্য (Delegated Procurement) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

নদী খননের পাশাপাশি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ড্রেজড মাটি সংরক্ষণ ও স্থানীয় জনগণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারযোগ্য করা হবে। পরিবেশবান্ধব পুনঃখনন নিশ্চিত করতে টার্ফিং ও বৃক্ষরোপণ কার্যক্রমও হাতে নেওয়া হবে।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।