ভারতকে হারাতে পিসিবি প্রধান আর সেনাপ্রধানকে ওপেন করতে বললেন কারাবন্দি ইমরান

এশিয়া কাপে ভারতের কাছে টানা দুই ম্যাচে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভিকে ব্যঙ্গ করে কটাক্ষ করেছেন কারাগারে বন্দী দেশটির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বিদ্রুপ করে বলেন, ‘ভারতের বিপক্ষে জিততে হলে মহসিন নকভি আর সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকেই পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামতে হবে।’

ইমরানের বোন আলিমা খান সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরানের এই মন্তব্য প্রকাশ করেন। তিনি জানান, জেলবন্দি ইমরান মজা করে আরও বলেন—সাবেক প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা যেন দাঁড়ান ফিল্ড আম্পায়ার হিসেবে। আর তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ দোগর।

আলিমা জানান, ভারতের বিপক্ষে টানা দুই হারের খবর জানাতেই এ ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্য করেন পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক। ৭২ বছর বয়সী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দীর্ঘদিন ধরেই মোহসিন নকভিকে দোষারোপ করে আসছেন। তার অভিযোগ, নকভির অদক্ষতা ও স্বজনপ্রীতিই পাকিস্তান ক্রিকেটের অবনতির মূল কারণ।

এছাড়া তিনি একাধিকবার অভিযোগ করেছেন, সেনাপ্রধান আসিম মুনির ফেব্রুয়ারি ২০২৪-এর সাধারণ নির্বাচনে তার দলের ম্যান্ডেট ‘চুরি’ করেছেন, যেখানে ভূমিকা রেখেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ঈসা ও নির্বাচন কমিশনার রাজা। ২০২৩ সালের আগস্ট থেকে নানা মামলায় কারাগারে আটক রয়েছেন পাকিস্তানের সাবেক এই জনপ্রিয় প্রধানমন্ত্রী।