আওয়ামী লীগের হামলায় ভয় পান না আখতার হোসেন

নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকা নতুন কিছু নয়, তবে এতে তিনি কোনো ভয় পান না।

নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, এর আগেও উপদেষ্টারা এসেছেন, তাঁদের ওপরও এমন আক্রমণ করার চেষ্টা করেছে। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় ভাই না।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশে মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে তারা আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না।’